শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল ও শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আঃ খালেক হত্যা মামলার প্রধান আসামি এবং কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নূরে আলম সিদ্দিকীর জামিন নামঞ্জুরের দাবিতে ১৯ জানুয়ারি সোমবার সকালে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে দৈনিক তথ্যধারা পত্রিকার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
এসময় সংবাদ সম্মেলনে নিহত বাদলের স্ত্রী পপি আক্তার এবং নিহত খালেকের স্ত্রী হুসনে আরা বেগম বক্তব্যে অভিযোগ করে বলেন, নূরে আলম সিদ্দিকী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি। তিনি জামিনে মুক্ত থাকলে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারে বলে এমনটাই অভিযোগ করেন এবং সে জামিনে মুক্তি পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় বিশৃংখলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এছাড়াও পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামির সন্ত্রাসী বাহিনীর ভয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবিগুলো: চাঞ্চল্যকর এই জোড়া হত্যা মামলার প্রধান আসামি নূরে আলম সিদ্দিকীর জামিন স্থায়ীভাবে বাতিল করা। মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবার গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
আয়োজকরা জানান, ইতিপূর্বেও এই আসামির বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের নিকট ন্যায়বিচারের স্বার্থে অবিলম্বে আসামির জামিন বাতিলের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধি: 










