শেরপুর জেলার সদর উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ইটভাটা গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলার সদর উপজেলার দমদমা কালিগঞ্জ ও চর শেরপুর এলাকায় গড়ে ওঠা বেশ কিছু ইটভাটা দীর্ঘদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে আসছিল। এমন খবরের ভিত্তিতে আজ দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযানে দমদমা কালিগঞ্জ এলাকার ‘মেসার্স জেড এইচ বি ব্রিকস’ এবং ‘মেসার্স এম এস বি ব্রিকস’- এই দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, চর শেরপুর এলাকার ‘মেসার্স এস এফ ব্রিকস’ এবং ‘মেসার্স এম এম ব্রিকস’-প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিদের মাধ্যমে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে জেলার অন্যান্য স্থানেও পরিচালনা করা হবে।
শেরপুর প্রতিনিধি: 















