শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল মরিচের গুঁড়া প্রস্তুত ও বাজারজাতকরণের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার ডুবারচর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এক গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজারে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মরিচের গুঁড়ার সাথে ক্ষতিকর টেক্সটাইল রং, ইটের গুঁড়া এবং অন্যান্য অখাদ্য উপকরণ মিশ্রিত করে বাজারজাত করার জন্য প্যাকেটজাত করছে। এসকল ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ২ টি পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধ স্বীকার করায় ২ জনকে সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানা থেকে জব্দকৃত কয়েক মণ ভেজাল গুঁড়া মরিচ এবং রং মিশ্রিত উপকরণগুলো জনসম্মুখে গর্তে পুঁতে ও পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি জানান, সাধারণ মানুষ যেন নিরাপদ খাদ্য পায় তা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। তিনি বলেন, “অসাধু ব্যবসায়ীরা মানুষকে বিষ খাওয়াচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং কোনোভাবেই ভেজাল কারবারিদের ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজারের অন্যান্য পণ্যেও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।
শেরপুর প্রতিনিধি: 

















