শেরপুর জেলার সদর উপজেলার নৌহাটা এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হবিবুর রহমান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ টিম শ্রীবরদী-শেরপুর সড়কের নৌহাটা এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হবিবুর রহমানকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১,৯৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হবিবুর রহমান কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুর চর ইউনিয়নের আলগার চর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের উৎস এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
শেরপুর প্রতিনিধি: 

















