শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ এবং উদ্ধার করা হয়েছে একটি ব্যালট বই।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল ১০টার দিকে হঠাৎ একদল বহিরাগত ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে। তারা ভোটগ্রহণের দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই হওয়া বইগুলোর মধ্যে ছিল: জাতীয় সংসদ নির্বাচনের ২টি ব্যালট বই এবং গণভোটের ১টি ব্যালট বই।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বইটিতে ধানের শীষ প্রতীকে সিল মারা অবস্থায় কয়েকটি ব্যালট পাওয়া গেছে। তবে এখনো একটি সংসদীয় এবং একটি গণভোটের ব্যালট বই উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই কেন্দ্রে পুনরায় স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছে।
ব্যালট ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে। তাদের মধ্যে মাসুদ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অন্য আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
শেরপুর প্রতিনিধি: 


















